সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬ ১১:১৭

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয়

টানা চার দিনের দুর্দান্ত ক্রিকেটে বাংলাদেশের হাতে ধরা দিল ক্রিকেটের সবচেয়ে বড় জয়ের একটি। ২৩ বছরের মধ‍্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে সফরকারীরা গড়ল ইতিহাস।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে তারা হারাল অস্ট্রেলিয়াকে।

ডারউইন টেস্টে ৯ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। ৫৭ রানের লক্ষ‍্য তারা ছুঁয়ে ফেলেছে ১৪.২ ওভারে।

সব মিলিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

এরআগে স্পিন জাদুতে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট এবং হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের লিড থামে মাত্র ৫৬ রানে।

৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরু থেকেই অজি ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ফিফটির পথে এগোনো অ্যালেক্স কেয়ারিকে (৩০) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর বাউ ওয়েবস্টারকে (৫) বোল্ড এবং অধিনায়ক প্যাট কামিন্সকে (৮) শর্ট লেগে ক্যাচ বানিয়ে স্বাগতিকদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন এই অফস্পিনার।

এক প্রান্ত আগলে রেখে অজিদের টেনে নেন ক্যামেরন গ্রিন। ১৯২ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। তাকে কিছুটা সঙ্গ দেওয়া মিচেল স্টার্ককে (১৮) ফেরান তাসকিন আহমেদ। সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি গ্রিনও; ২০১ বলে ১০৪ রান করা গ্রিনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। এটি এই ম্যাচে হাসানের নবম শিকার।

শেষ উইকেটে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দেন মিরাজ। অজিদের শেষ ব্যাটারকে আউট করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন তিনি। ফলে ২৮৪ রানেই থামে ক্যাঙ্গারুদের দ্বিতীয় ইনিংস।

আপনার মন্তব্য

আলোচিত