স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২৬ ১৫:১৮

ব্যাটারদের ব্যর্থতার দিনে অবিশ্বাস্য শরিফুলে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

ম্যাকাইয়ের দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্টে ব্যাটারদের মান বাঁচানোর দিনে বল হাতে অবিশ্বাস্য ঘুরে দাঁড়াল বাংলাদেশ। প্রথম দিনেই পড়েছে মোট ১৮টি উইকেট।

বাঁহাতি পেসার মিচেল স্টার্কের স্পেলে মাত্র ৬৪ রানে অলআউট হলেও, পাল্টা জবাবে পেসার শরিফুল ইসলামের বিধ্বংসী ফাইফারে ম্যাচে টিকে রয়েছে টাইগাররা। প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান তুলে ১০১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে অলআউট করার পথে এখন বড় বাধা হয়ে আছেন ক্যামেরন গ্রিন, যিনি ৮১ বলে ৫১ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ১০ রান নিয়ে উইকেটে আছেন নাথান লায়ন।

টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে বিদায় করেন অজি বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক দ্রুত বিদায় নিলে প্রথম ঘণ্টাতেই টপ অর্ডার ধসে পড়ে। স্টার্ক মাত্র ২২ বলের ব্যবধানে তুলে নেন ৫টি উইকেট। ১২ রানে ৫ উইকেট হারিয়ে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের (২৬) শঙ্কায় পড়ে যায় দল।

মুশফিকুর রহিম (৫) ও মেহেদী হাসান মিরাজ (১১) কিছুটা সময় টিকলেও লাঞ্চের পরপরই সাজঘরে ফেরেন। পরবর্তীতে শেষ উইকেটে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের ২৫ রানের প্রতিরোধে নিজেদের সর্বনিম্ন স্কোরের (৪৩) লজ্জা এড়ায় বাংলাদেশ। ইনিংস শেষে স্টার্ক ১২ রানে ৬টি, প্যাট কামিন্স ২৫ রানে ৩টি ও জশ হ্যাজলউড ১টি উইকেট পান।

ব্যাটারদের চরম ব্যর্থতার পর বল হাতে অজিদের ওপর চড়াও হন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ শুরুতেই ম্যাট রেনশকে (৮) ফেরানোর পর ইনিংসের নিয়ন্ত্রণ নেন শরিফুল। মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডকে একই ওভারে ফিরিয়ে ধাক্কা দেন তিনি।

স্টিভ স্মিথ (৪২) ও ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু চা বিরতির পর দারুণ স্পেলে স্টিভ স্মিথ, বো ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে সাজঘরে পাঠিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং উপহার দেন শরিফুল। শেষ ওভারে মিচেল স্টার্ককে তুলে নিয়ে নিজের ৬ নম্বর উইকেটের পাশাপাশি অজিদের ১৬৫ রানে আটকে রেখে আশা জাগিয়ে প্রথম দিন শেষ করে সফরকারীরা।

আপনার মন্তব্য

আলোচিত