সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৮ ১২:৫১

আইপিএলে সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ এবারের আসরের নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১১২২ জন ক্রিকেটার। এদিকে খেলোয়াড়দের ভিত্তিমূল্য নির্ধারণ শুরু হয়েছে। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে তৃতীয় ভাগে। তাদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

প্রথম ক্যাটাগরিতে আছেন ৩৬ জন ক্রিকেটার। এর মাঝে ভারতের ১৩ জন ক্রিকেটার। প্রথম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য ২ কোটি রুপি। এরপর দ্বিতীয় ক্যাটাগরির ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে দেড় কোটি। অন্যদিকে তৃতীয় ক্যাটাগরির ভিত্তি মূল্য ১ কোটি। সাকিব-মুস্তাফিজদের নিলাম শুরু হবে ১ কোটি থেকে। এদিকে এখনো চূড়ান্ত হয় নি বাংলাদেশের বাকি ৬ ক্রিকেটারদের ভিত্তি মূল্য।

আইপিএলের এবারের আসরে ৮ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামের জন্য আগ্রহ দেখিয়েছিলেন। এরা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। তবে তামিম ইকবালকে নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে পারেন তিনি।

এদিকে আগ্রহ দেখানো ১১২২ জন ক্রিকেটারদের সবাই থাকবেন না নিলামে। এই তালিকা থেকে এবারের আসরে অংশ নেয়া ৮ দল তাদের আগ্রহী ক্রিকেটারদের একটা তালিকা দিবেন। সেখান থেকে নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এবারের আসরে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে অস্ট্রেলিয়ার (৫৮ জন)। এরপর দক্ষিণ আফ্রিকা-৫৭, ওয়েস্ট ইন্ডিজ-৩৯, শ্রীলঙ্কা-৩৯, নিউজিল্যান্ড-৩০, ইংল্যান্ড-২৬, আফগানিস্তান-১৩, বাংলাদেশ-৮, জিম্বাবুয়ে-৭, মার্কিন যুক্তরাষ্ট্র-২, আয়ারল্যান্ড-২ এবং স্কটল্যান্ড-১।

উল্লেখ্য, বরাবরের ন্যায় এবারের আইপিএলের নিলাম হবে দুই দিন ধরে। নিলাম অনুষ্ঠিত হবে ভারতের ব্যাঙ্গালুরুতে। এদিকে নিলামের জন্য দলগুলো সর্বোচ্চ ৮০ কোটি রুপি ব্যয় করতে পারবে। ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসরের নিলাম। অন্যদিকে ৮ দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৪ এপ্রিল।

২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছেন পেসার মোস্তাফিজুর রহমান। সুতরাং, দুইজনের নামই নিলামে উঠছে। এবার হয়তো নতুন দলের হয়ে তাদের আইপিএল মাতাতে দেখা যেতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত