স্পোর্টস ডেস্ক

১৪ জানুয়ারি, ২০১৮ ১৮:২৬

সৌম্যকে মাশরাফির ‘স্যালুট’

ত্রিদেশিয় সিরিজে সৌম্য সরকারের বাদ পড়ার পরেও তাকে রীতিমত স্যালুট জানিয়েছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। বলছেন, ‘সৌম্যকে আমি স্যালুট দিব কারণ ও কখনো সেলফিস ছিল না। এবং কঠিন সময়ে সে দলের জন্য খেলেছে।’

নিজের খারাপ সময়েও সোউম্য সরকার দলের জন্যে খেলেছেন জানিয়ে মাশরাফি বলেন,  ‘যদি দেখেন প্রথম দশ ওভারে কিভাবে খেলতে হবে সেটা মানিয়ে নিয়েছিল। এরকম কঠিন পরিস্থিতিতে অনেক সয়ম অনেকে চিন্তা করে যে আমি আমার খেলাটা কিছুক্ষণ খেলি। ও কিন্তু এই টাইপের ছিল না। ও কিন্তু টিমের জন্য খেলতে গিয়ে পারফর্ম করতে পারেনি।’

রোববার সংবাদ সম্মেলনে মাশরাফির কণ্ঠে ঝরল এমন প্রশংসা।

কেবল সৌম্যই নয়, খারাপ লাগা আর শুভকামনা তাসকিনের জন্যেও। বললেন,  ‘তাসকিনের উপর দিয়ে কঠিন সময় গিয়েছে। আমাদের অন্যান্য ফাস্ট বোলারদেরও যায়। আমাদের কোচিং স্টাফের সাথে ওদের কথা হয়েছে। বিশেষ করে সুজন ভাই কথা বলেছে দল থেকে বাদ পড়ার পর।’

সৌম্য ও তাসকিনের ফিরে আসার পথ চেয়ে আছেন মাশরাফি। জানালেন, ‘ওরা ফাস্ট ক্লাস ক্রিকেট খেলছে। আমি চাইব যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পারফর্ম করে তারা যেন আবার দলের সাথে আসতে পারে। তাদেরকে হানড্রেড পারসেন্ট ব্যাক করতে হবে। এখনও তাদেরকে সমর্থন করছি।’

সংবাদ সম্মেলনে সদ্য সাবেক হওয়া শ্রীলঙ্কার কোচকে নিয়েও কথা বলেন মাশরাফি। প্রশংসাও করলেন তার। বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমি হাথুরুসিংহকে স্যালুট জানাই। অবশ্যই তার অধীনে খেলে আমরা ভালো ফল পেয়েছি। কৃতিত্ব তাঁকে দিতে আমাদের বিন্দুমাত্র সংকোচ নেই। এমন না যে তাকে কৃতিত্ব দিতে চাই না।’

তবে মাঠের সকল কিছুতে খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন অধিনায়ক। জানালেন, ‘২২ গজে আমরা (খেলোয়াড়েরা) সব বাস্তবায়ন করেছি। তামিম-মুশফিকের রেকর্ড যদি দেখেন, সাকিবের ক্যারিয়ার যদি দেখেন, মোস্তাফিজ...। সব যদি আলাদা আলাদা করে দেখেন ২২ গজে কোচ খেলোয়াড়দের বিশেষ কিছু করে দেয়নি। তাদের নিজেদের করতে হয়েছে। সবচেয়ে বেশি চাপ তাদেরই নিতে হয়েছে, তারাই সেরাটা দিয়েছে। যে-ই কোচ থাকুন, তাকে আমরা খেলোয়াড়েরা শতভাগ সমর্থন করেছি। কৃতিত্ব খেলোয়াড়দের দিতে হবে যেভাবে তারা খেলেছে। এখন যারা কোচিং স্টাফ আছেন, (রিচার্ড) হ্যালসল, সুজন চাচা (খালেদ মাহমুদ) তাদেরও শতভাগ সমর্থন দেওয়ার চেষ্টা করব। হাথুরুর জন্য শুভকামনা। এই মুহূর্তে আমরা আমাদের নিয়েই বেশি চিন্তা করছি।’

মাশরাফি বলছেন, ‘স্মার্ট’ পরিকল্পনা তারা করছেন, তবে ‘ওভার স্মার্ট’ হতে চান না, ‘আমরা যে পরিকল্পনা করছি না, সেটা নয়। ক্রিকেটে চৌকস হওয়া ভালো। কিন্তু বাড়তি চৌকস হওয়া ভালো না। আমরা অতিবুদ্ধিগিরি ফলাতে চাচ্ছি না। অবশ্যই হাথুরুসিংহে পরিকল্পনা করবেন। আমাদেরও থাকবে। নতুন কিছু করার চেষ্টা করব। ঝুঁকি থাকলেও আমরা সেরকমই কিছু করব। পূর্ণ সহযোগিতা আমরা আমাদের খেলোয়াড়দের করব। তাদের পুরো স্বাধীনতা দেওয়া হবে। তারা যেটা করে আসছে, সেটাই যেন করতে পারে।’

আপনার মন্তব্য

আলোচিত