স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০১৮ ২২:১৭

নিয়ম রক্ষার ম্যাচে জয় পেল সৌদি আরব

এবারের বিশ্বকাপে জয়ের স্বাদ আর পাওয়া হলো না মিসরের। পিছিয়ে পড়েও মিসরকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। ১৯৯৪ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপে জয় পেল সৌদি আরব।

এমনিতেও ম্যাচটির কোনো মূল্য ছিল না। শুধু নিয়ম রক্ষার জন্যই মাঠে নেমেছিল মিশর আর সৌদি আরব। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল এই দুই দলের। তবে সৌদি আরব কিছুটা সান্ত্বনা খুঁজতে পারবে যে, একেবারে খালি হাতে ফিরতে হলো না তাদের। অন্তত একটা জয়ের সাফল্য তারা নিয়ে যেতে পারবে নিজ দেশে। অন্যদিকে সব হারানোর বেদনা নিয়ে বাড়ি ফিরছে মিশর।

এবারের বিশ্বকাপে মিশরের সবচেয়ে বড় আক্ষেপের নাম মোহাম্মদ সালাহ। ক্লাব ফুটবলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছিলেন এই তারকা। তাঁকে ঘিরেই অনেক জল্পনা-কল্পনা হয়েছিল বিশ্বকাপের আগ দিয়ে। কিন্তু আগমুহূর্তে ইনজুরির কারণে প্রথম ম্যাচটাতে মাঠেই নামতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না প্রথম একাদশে। তারপরও সেই ম্যাচে একটি গোল করেছিলেন সালাহ।

আজ সৌদি আরবের বিপক্ষেও মিশরের একমাত্র গোলটি এসেছে সালাহর সৌজন্যে। ২২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এই তারকা। তবে প্রথমার্ধেই সেই গোল শোধ করে দেয় সৌদি আরব। ৪৫ মিনিটের খেলা শেষে যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় সৌদি আরব। ম্যাচের জয়সূচক গোলটিও তারা পায় একেবারে শেষমুহুর্তে। ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে। ফলে দুইটি শেষমুহুর্তের গোলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মিশরকে।

‘এ’ গ্রুপের অপর লড়াইয়ে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়েছে উরুগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছে লুইস সুয়ারেজের দল।

আপনার মন্তব্য

আলোচিত