স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০১৮ ০১:৫৯

মার্কোস রোহোর গোলে নকআউট পর্বে আর্জেন্টিনা

শেষ ষোলোতে যেতে জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকেও। এই জটিল সমীকরণ মাথায় রেখে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে চাপে নয়, আর্জেন্টিনার শুরুটা হয়েছিল উজ্জীবিত।

লিওনেল মেসির ১৪ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। তবে বিরতির পর পেনাল্টি থেকে গোল করে তাদের হতাশ করে নাইজেরিয়া। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে রোহোর দুর্দান্ত গোলে ২-১ গোলে জিতে শেষ ষোলোতে গেল আর্জেন্টিনা।

সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচে মেসি ও মার্কোস রোহোর গোলে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা। 

ম্যাচে অবশ্য আর্জেন্টিনার এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ১৪ মিনিটে সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির চমৎকার গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সতীর্থের ক্রসে থেকে পাওয়া বল ধরে মেসি বক্সে ঢুকে চমৎকার শটে বল জালে জড়ান। নাইজেরিয়া গোলরক্ষক ঝাপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি। পাশে থাকা এক নাইজেরীয় ডিফেন্ডার শতচেষ্টা করেও রুখতে পারেননি এই বার্সেলোনা ফরোয়ার্ডকে।

দলের প্রয়োজনে মেসি যে ঘুরে দাঁড়াতে পারেন, সেটা তিনি আরকেবার দেখিয়েছেন। শুধু একটি গোল করেননি, বেশ কিছু সুযোগও তৈরি করে দিয়েছেন সতীর্থদের।

এক গোলে এগিয়ে আর্জেন্টিনা দারুণ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে। সে ধারাবাহিকতায় ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন গঞ্জালো হিগুয়েইন। মেসির চমৎকার পাসে বক্সে ঢুকে গোলরক্ষকে একা পেয়ে জালে জড়াতে পারেননি বল।

আর্জেন্টিনার দুর্ভাগ্য ৩৩ মিনিটেও মেসির ফ্রি-কিক থেকে গোল না হওয়া। তাঁর অসাধারণ ফ্রি-কিক সাইডবারে লেগে ফিরে না আসলে গোল হতেও পারতো।

তবে গত দুটি ম্যাচের তুলনায় এদিন আর্জেন্টিনা যে দারুণ খেলছে সেটা বলাই যায়। পুরো ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে খেলে মেসির দল।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনা ভালোই খেলছিল, কিন্তু মিডফিন্ডার জেভিয়ার মাচেরানোর একটি ভুলে আবার হতাশায় ডুবতে বসেছিল দলটি। বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। পেনাল্টি থেকে ভিক্টর মসেস গোল করে নাইজেরিয়াকে খেলার সমতায় ফেরান (১-১)।

৮০ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন হিগুয়েইন। সতীর্থের ক্রসে গোলরক্ষকের সামনে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন বল।

তবে ৮৬ মিনিটে সাফল্য পায় আর্জেন্টিনা। ডিফেন্ডার মার্কোস রোহো লক্ষ্যভেদ দলকে ২-১ গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয়ের উল্লাসে মেতে উঠে মেসির আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত