স্পোর্টস ডেস্ক

২৮ জুন, ২০১৮ ১৬:০০

গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি ইংল্যান্ড

একদিকে হ্যারি কেইন, আরেকদিকে রোমেলু লুকাকু। টুর্নামেন্টে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মুখোমুখি হচ্ছেন এবার। দুই দলই দিয়েছে আটটি করে গোল, দুই দলই হজম করেছে দুইটি করে। ইংল্যান্ড-বেলজিয়াম মুখোমুখি হচ্ছে এমন ‘সমানে-সমান’ থেকেই। ‘হাই-ভোল্টেজ’ ম্যাচটি কার্যত এখন শুধুই গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হওয়ার লড়াই।

এর আগে সবশেষ ১৯৫৪ সালে গ্রুপ-পর্বে মুখোমুখি বেলজিয়াম-ইংল্যান্ড, দুই দলের মুখোমুখি লড়াই সেই প্রথমবার। ৪-৪ গোলের রোমাঞ্চ ছড়িয়েছিল দুই দল।

আবার ৬৪ বছর পর গ্রুপ-পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম-ইংল্যান্ড। দুই দলেরই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত, বাকি শুধু গ্রুপে অবস্থানটা ঠিক করা। তাহলে কি আরেকটি রোমাঞ্চ দেখবে বিশ্ব?

কেননা দুই দলই দুই দলই আজ মাঠে নামছে সমানে সমান থেকে। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৮ গোল দিয়েছে, রাশিয়ার সাথে যা যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। গোল খেয়েছে মাত্র ২টি। দুই দলেই রয়েছেন দুই গোলমেশিন। এখন পর্যন্ত এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলস্কোরার (৫ গোল) ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ৪ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু।

কেন-লুকাকু নিজেদের প্রথম দুই ম্যাচে একাধিক গোল করেছেন। তাদের আগে বিশ্বকাপে এই রেকর্ড ছিল দুইজন ফরোয়ার্ডের- আর্জেন্টিনার গুইলেরমো স্তাবিল ও হাঙ্গেরির সান্দর কোসিস। স্তাবিল ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে এবং কোসিস ১৯৫৪ সালের বিশ্বকাপে এই কীর্তি গড়েন। দুইবারই তাদের দল ফাইনালে উঠেছিল। তবে সেখানে হারতে হয়েছিল।

এর আগে বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল ইংলিশ ও বেলজিকরা। ১৯৫৪ সালে প্রথম সাক্ষাতে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছিল। ১৯৯০ সালে দ্বিতীয় সাক্ষাতে অতিরিক্ত সময় শেষেও ম্যাচ গোলশূন্য ড্র ছিল। শেষ পর্যন্ত ইংলিশ মিডফিল্ডার ডেভিড প্লাট একেবারে অন্তিম মুহূর্তের গোলে দলকে জেতান। চলতি বিশ্বকাপ এমনিতেই অনেক রঙ ছড়াচ্ছে। তাই এই ম্যাচে আগের মত কোন লড়াই আশা করতেই পারেন দর্শকেরা।

আপনার মন্তব্য

আলোচিত