স্পোর্টস ডেস্ক

২৮ জুন, ২০১৮ ২৩:২৪

হেরে গিয়েও জিতে গেল জাপান

ভাগ্য দারুণভাবে কাজে লাগলো জাপানের। তাইতো পোল্যান্ডের বিপক্ষে হেরেও গ্রুপ পর্বে ফেয়ার প্লে’র কল্যাণে সেনেগালকে হটিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিল এশিয়ান জায়ান্টরা। ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জাপান ১-০ গোলে হেরে যায়।

এই গ্রুপে অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হার মানে সেনেগাল। সেনেগাল ও জাপানের সমান পয়েন্ট হলে দেখা হয় কারা কতগুলো হলুদ কার্ড বা লাল কার্ড পেয়েছে। যেখানে সেনেগাল থেকে গ্রুপে ফেয়ার খেলা জাপানই নকআউটে জায়গা করে নেয়।

প্রথমার্ধের শুরু থেকেই দুই দল লড়েছে প্রায় সমানে সমানে। আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। ম্যাচের ১৩ মিনিটে জাপানের ইয়োশিনরি মুতোর বক্সের বাইরে থেকে নেয়া ডান পায়ের শট সহজেই ফিরিয়ে দেন পোল্যান্ড গোলরক্ষক লুকাজ ফ্যাবিয়ানস্কি। তিন মিনিট পর গোতোকু সাকাইও পরাস্ত করতে পারেননি তাকে।

৩২ মিনিটে পোল্যান্ডের বার্তোজ বেরেসজিনস্কির দারুণ এক ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন কামিল গ্রোসিকি। গোল করার সুযোগ ছিল। তবে তার জোড়ালো হেড দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন জাপান গোলরক্ষক আইজি কাওয়াসিমা। ৩৫ মিনিটে তাকাসি উসামির শটও একইভাবে পোল্যান্ডের জাল পায়নি। এমন সুযোগ মিস আর সেভের মধ্য দিয়েই গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে জাপানের তাকাশি ওসামির ডান পায়ের শট আটকে যায় পোল্যান্ডের রক্ষণে। ৫৮ মিনিটে বক্সের মধ্য থেকে ইয়োশিনরি মুতোও দারুণ একটি সুযোগ মিস করেন। তার শট একটুর জন্য বক্সের বাঁ পাশে রক্ষা হয়। একই মিনিটে শিবাসাকির কর্নার থেকে ছয় গজের মধ্যে বল পেয়েও সেটা জালে জড়াতে পারেননি তামোয়াকি মাতিনো।

এরপরই সবচেয়ে বড় ধাক্কা খেয়ে বসে জাপান। ৫৯ মিনিটে রাফাল কুরজাওয়ার বক্সের বাইরে থেকে নেয়া দুর্দান্ত ফ্রি-কিক থেকে বল পেয়ে সেটা চোখের পলকে জালে জড়িয়ে দেন জ্যান বেডনারেক। মাত্র ষষ্ঠ ম্যাচ খেলতে নামা এই সেন্টার-ব্যাকের এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল।

৭৪ মিনিটে আরও এক গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পোল্যান্ড। কামিল গ্রোসিকির পাস থেকে একদম বক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার সেটা বারের উপর দিয়ে মেরে দেন। এরপরও আরও কয়েকটি সুযোগ পেয়েছিল পোলিশরা, কাজে লাগাতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত