২৯ জুন, ২০১৮ ১৯:১০
শেষ ওভারের উত্তেজনা সামলাতে শিখে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের উত্তেজনা সামলে আয়ারল্যান্ডকে আবারও ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে সালমারা। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের মেয়েদের সাম্প্রতিক সাফল্যের মুকুটে যোগ হলো নতুন পালক। এশিয়া কাপ শিরোপা জয়ের পর এবার ধরা দিল প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়। সেটিও বিদেশের মাটিতে, কঠিন কন্ডিশনে।
ডাবলিনে আয়ারল্যান্ডের মেয়েরা প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানার ৪৯ বলে ৫১ রানের দাপুটে ব্যাটিংয়ে এবং ২০তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সানজিদা ইসলাম। তাতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশের মেয়েরা।
প্রথম টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াই হয়েছিল। একেবারে শেষ বলে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবারও জয়ের ব্যবধানটা একই, তবে শেষ বল পর্যন্ত যেতে হয়নি। ৫ বল হাতে রেখেই আইরিশদের ৪ উইকেটে হারিয়েছেন সালমা-জাহানারারা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
ডাবলিনে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল আয়ারল্যান্ড। ৮ উইকেটে তারা থামে ১২৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার সিসিলিয়া জয়েস। বাংলাদেশের মেয়েদের বোলিং তোপে বাকিদের কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। অধিনায়ক লরা ডেলানি করেন ২০ রান।
বাংলাদেশের পক্ষে বল হাতে আরেকবার সাফল্য দেখিয়েছেন জাহানারা আলম। ১৫ রানে ২টি উইকেট নেন তিনি। ১৮ রান খরচায় তার সমান উইকেট নাহিদা আক্তারেরও। একটি করে উইকেট শিকার রুমানা আহমেদ আর ফাহিমা খাতুনের।
জবাবে শামীমা সুলতানা আর ফারজানা হকের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ওপেনার আয়েশা রহমান ৭ রান করে ফিরলেও আরেক ওপেনার শামীমা সুলতানা হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ৫১ বলে ৯ বাউন্ডারিতে ৫১ রান করেন তিনি। ফারজানা হক করেন ৩৬ রান।
এই দুই সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ২ উইকেটে ১০৪ থেকে ৬ উইকেটে ১১৭ রানে পরিণত হয়েছিল সফরকারিরা। তবে সানজিদা ইসলামের ব্যাটে ভয়কে জয় করেছে টাইগ্রেসরা। সানজিদা অপরাজিত ছিলেন ১১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১২৪/৮ (শিলিংটন ২, সিসিলিয়া ৬০, লুইস ৫, ডেলানি ২০, ইসোবেল ৩, রিচার্ডসন ০, গার্থ ১, কাভানাউ ১৫*, ওয়ালড্রন ২, মারিটজ ৭*; জাহানারা ৪-০-১৫-২, সালমা ৩-০-১৭-০, কুবরা ৩-০-২১-০, নাহিদা ৪-০-১৮-২, রুমানা ৩-০-২৩-১, ফাহিমা ৩-০-২৬-১)।
বাংলাদেশ: ১৯.১ ওভারে ১২৫/৬ (শামিমা ৫১, আয়েশা ৭, ফারজানা ৩৬, নিগার ৫, রুমানা ২, সানজিদা ১১*, ফাহিমা ২, জাহানারা ১*; ডেলানি ২/২১, ম্যাটকাল্ফ ২/২৬)।
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে
আপনার মন্তব্য