০১ জুলাই, ২০১৮ ১৮:২১
চারটি বিশ্বকাপ খেলে নকআউট পর্বে মেসি-রোনালদো এখনো গোলহীন থাকলেও জীবনের প্রথম বিশ্বকাপেই নকআউট পর্বে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনাকে রীতিমতো ‘খুন’ করলেন কিলিয়ান এমবাপ্পে! তাঁর জোড়া গোলের ধ্রুপদী পারফরম্যান্সে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো সময়ের অন্যতম সেরা লিওনেল মেসি ও তাঁর দল আর্জেন্টিনাকে।
মাত্র সাড়ে উনিশ বছরের এক ছেলের কাছে হেরে গেলেন পাঁচবারের ফিফা ব্যালন ডি’অরের মালিক। এমবাপ্পের বয়স উনিশ পেরিয়ে যায়নি। তাঁর চেহারায় মিশে আছে এখনো শৈশবের মায়াকাড়া ছায়া।
এমবাপ্পের কাছে কেবল হারেননি মেসি, নিজে চারটি বিশ্বকাপ খেলে যা করতে পারেননি, এমবাপ্পে কাল সেটিই করে দেখিয়েছেন। কেবল মেসিই নয়, এমবাপ্পের সেই কীর্তি বিশ্বকাপে নেই এই গ্রহের অপর সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও।
বিশ্বকাপের নকআউট পর্বে কখনোই গোল পাননি মেসি-রোনালদো। কিন্তু কাল এমবাপ্পে করলেন জোড়া গোল। সেটিও জীবনের প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে। সেটিও পাঁচ মিনিটের ব্যবধানে।
এমবাপ্পে কত দূর যেতে পারবেন, তা ভবিষ্যৎই বলে দেবে। তবে কাল শুধু মেসি-রোনালদোকেই তিনি পেছনে ফেলেননি, ভাগ বসিয়েছেন কিংবদন্তি পেলের রেকর্ডেও। বিশ্বকাপের এক ম্যাচে এত কম বয়সে জোড়া গোল করার কীর্তি আছে কেবল পেলের। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে ১৭ বছর ৮ মাস বয়সে জোড়া গোল করেছিলেন ফুটবলের 'কালো মানিক' পেলে।
আপনার মন্তব্য