ক্রীড়া প্রতিবেদক

০১ জুলাই, ২০১৮ ২৩:৪৩

রেকর্ডের দিনে ইতিহাস গড়া হলো না টাইগ্রেসদের

আগের দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি জিতলে আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করার স্বাদের পাশাপাশি আরেক ইতিহাস গড়ত বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শুরুর আগে এমনটাই ছিল সালমা-রুমানাদের লক্ষ্য।

ম্যাচের মাঝপথ শেষে সেলক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটসম্যান ফারজানা হকের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডে, দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এ ম্যাচে রেকর্ড রান তুললেও জয় ধরা দিল না টাইগ্রেসদের। অসাধারণ রান তাড়ায় হোয়াইটওয়াশ এড়াল আয়ারল্যান্ড। সেই সাথে ইতিহাস গড়া থেকে ছিটকে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কেননা তারা ম্যাচটি হেরে গেছে ৬  উইকেটের ব্যবধানে। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৫২ রানের লক্ষ্য লরা দিলানিরা ছুঁয়েছে ৪ উইকেটের খরচায়।

ডাবলিনের পেমব্রোক ক্রিকেট ক্লাবে টসে হেরে চলতি সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে চার উইকেটে ১৫১ রান করেছে বাংলাদেশ। মেয়েদের টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ১৪২ রান, গত ৬ জুন এশিয়া কাপে ভারতের বিপক্ষে।

রোববার ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশের ওপেনার শামিমা সুলতানা ঝড় বইয়ে তুলে নেন ১৪ রান। শামিমা ২৭ বলে ৫ চারে ৩০ রানের ইনিংস খেলে সিয়ারা ম্যাটক্যাফের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

এরপর দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ৩০ রানের জুটি গড়ে রান আউট হয়ে যান আয়েশা রহমান। আয়েশার ব্যাট থেকে এসেছে ২৭ রান। বাংলাদেশ ইনিংসের বাকিটা জুড়ে ছিলেন ফারজানা।

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫১ রান। ৪৭ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন ফারজানা। ৬ চার ও ২ ছক্কার মারে রেকর্ডগড়া এই ইনিংস সাজান তিনি। এছাড়া নিগার সুলতানা ৮, সানজিদা ইসলাম ৯ ও ফাহিমা খাতুন ৩ রানের অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ১৫২ রানের লক্ষ্যে খেলতে নামা আইরিশদের শুরু থেকে চেপে ধরে বাংলাদেশ। ৩০ রানে দুই ওপেনারকে ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখছিল সালমা-রুমানাদের দল। তবে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে গ্যাবি লুইস ও অধিনায়ক লরা ড্যালনি লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসেন দলকে।

নাহিদা আক্তারের সরাসরি থ্রোতে গ্যাবি লুইসের রান আউটে ভেঙে যায় এই জুটি। ঠিক ৫০ রান করা গ্যাবির ৩১ বলের ঝড়ো ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা। ৪৬ রান করে রান আউট হয়েছেন ড্যালনিও। তবে ইসোবেল জয়েসের অপরাজিত ২২ রান সান্ত্বনার জয় এনে দিয়েছে আয়ারল্যান্ডকে।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট শিকার করা জাহানারা আলম ভালো করতে পারেননি। চার ওভারে ৩৯ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন এই পেসার। দুই স্পিনার নাহিদা আক্তার ও পান্না ঘোষ একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫১/৪ (শামিমা ৩০, আয়েশা ২৭, ফারজানা ৬৬*, নিগার ৮, সানজিদা ৯, ফাহিমা ৩*; ডেলানি ১/১৯, রিচার্ডসন ১/৩১, ম্যাটকাল্ফ ১/৩২)।

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৫২/৪ (শিলিংটন ২১, সিসিলিয়া ৭, লুইস ৫০, ডেলানি ৪৬, ইসোবেল ২২*, রিচার্ডসন ০*; জাহানারা ৪-০-৩৯-০, সালমা ৪-০-২৬-০, নাহিদা ৪-০-২০-১, পান্না ৪-০-২৯-১, রুমানা ৩-০-২৪-০, ফাহিমা ১-০-১২-০)।

ফল: আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী

আপনার মন্তব্য

আলোচিত