স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৮ ১৫:৩৯

‘ছন্দে ফিরেছে নেইমার’

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস নেইমার। হেক্সা জয়ের মিশনে সদ্য ইনজুরি থেকে ফেরা নেইমারেই সিংহভাগ ভরসা রাখছে দলটি। নেইমার কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে, তা জানতে বাকি নেই বিপক্ষ দলের খেলোয়াড়দেরও। তাই মাঠে নেইমারকে বাধার শিকার হতে হয় সবচেয়ে বেশি।

পরিসংখ্যানও তাই বলে, এখন পর্যন্ত মোট ১৭ বার ফাউলের শিকার হয়েছেন বর্তমান ব্রাজিলের অন্যতম স্বপ্নদ্রষ্টা নেইমার। তবে নেইমারের ঘন ঘন পড়ে যাওয়া নিয়েও কথা তুলেছেন অনেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এই আলোচনায় সর্বশেষ সংযোজন মেক্সিকোর অধিনায়ক আদ্রেয়াস গুয়ারদাদো। তার মতে, ফাউলকে অতিরঞ্জিত করতে পছন্দ করে নেইমার। শুধু তাই নয়, কোনো কারণ ছাড়াই নেইমার মাঠে পড়ে যেতে অনেক বেশি পছন্দ করে বলেও দাবি করেন মেক্সিকোর এই অধিনায়ক।

এতো আলোচনা- সমালোচনার মধ্যে দিয়ে সামারা অ্যারেনায় সোমবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যাক্সিকো-ব্রাজিল। এর আগের দিনের সংবাদ সম্মেলনে নেইমারের ফর্ম নিয়ে কথা বলেন তিতে।

তিনি বলেন, “ড্রেসিংরুমে হওয়া আলোচনার কিছু বিষয় আমি বলতে পারি না, অন্যরা বলতে পারবে। সে অনেক-অনেক ম্যাচ খেলেছে এবং আমরা জানি এই পর্যায়ের পারফরম্যান্স ফিরে পাওয়ার জন্য সে কতটা কঠোর পরিশ্রম করেছে।”

“(সার্বিয়ার বিপক্ষে) সে চমৎকার খেলেছিল, … আগামীকাল কি হবে জানি না, কিন্তু হ্যাঁ এখন সে তার সেরা ফর্মে ফিরেছে।”

সংবাদ সম্মেলনে তিতের পাশে থাকা ফিটনেস কোচ ফাবিও মাহসেরেদিয়ানও নেইমারের উন্নতির কথা জানালেন।

“আপনার ট্র্যাকিং সিস্টেম আছে, যেটা আপনাকে ম্যাচের সময়কার তথ্য দিবে। আমার কাছে সব তথ্য আছে এবং সার্বিয়ার বিপক্ষে ম্যাচে তার অনেক উন্নতি হয়েছিল।”

“(সার্বিয়ার বিপক্ষে) নেইমার তার স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছিল; সেটা তার সেরা নয় কিন্তু যেটা পেয়েছিল সেটাও তার সতীর্থদের পারফরম্যান্সের তুলনায় উঁচু মানের। কিন্তু সে সেরাটা ফিরে পাওয়ার কাছাকাছি আছে।”

আপনার মন্তব্য

আলোচিত