স্পোর্টস ডেস্ক

০২ জুলাই, ২০১৮ ১৫:৫৫

মেসিই আমাকে ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছে : পগবা

আর্জেন্টিনাকে শেষ ষোলর খেলায় নকআউট করে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন ফ্রান্স। কাইলিয়ান এমবাপের জোড়া গোলের সুবাদে ৪-৩ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে উঠে গেছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে গোল না পেলেও পুরো মিডফিল্ড যেন নিজের আয়ত্তেই রেখেছিল ফরাসি তারকা পল পগবা।

তবে আর্জেন্টিনাকে বিদায় করে দিলেও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির প্রতি তার ভালবাসার কথা জানাতে ভুলেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। জাতীয় দলে আরও একটি শিরোপা জেতার সুযোগ জলাঞ্জলি দিলেও এখনো মেসিকেই সেরা মানেন পগবা। তার মতে, মেসির সেরা হতে কোন আন্তর্জাতিক শিরোপার প্রয়োজন নেই।

শনিবার ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিদায় করতে সেদিন বড় ভূমিকা রেখেছিলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। পগবা-এমবাপেদের দুর্ধর্ষ গতির কাছে হার মানে লাতিন দলটি। ৪-৩ গোলের হারে বিশ্বকাপ শেষ হয়ে যায় মেসিদের। আর্জেন্টিনাকে হারালেও মেসিকে নিজের আদর্শ মনে করেন পগবা। জানিয়েছেন, মেসিই তার মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসার জন্ম দিয়েছেন।

এবারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল ফ্রান্স। গ্রুপপর্ব পেরিয়ে শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। এই দলটির বিপক্ষে বিশ্বকাপে এর আগে কখনও জয় পায়নি ফ্রান্স। কিন্তু কাজানে কিলিয়ান এমবাপের চোখ ধাঁধানো পারফরম্যান্সে ৪-৩ গোলে আর্জেন্টিনাকে উড়িয়ে দেয় তারা। সেই জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পগবার।

রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা বলেছেন, ‘১০ বছর ধরে সে (মিসি) বিশ্বের সেরা খেলোয়াড়। সে অনন্য। বল পায়ে সে যা করে তা অনন্য। সে বিশুদ্ধ বাঁ পায়ের খেলোয়াড়। সে সবসময়ই একজন আদর্শ। জুভেন্টাসের হয়ে ২০১৫ সালে আমি তার কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরেছি। (বিশ্বকাপে) তাকে হারিয়ে আমি খুশি।’

৩০ বছর বয়সী মেসির এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। পগবাও মানছেন সে কথা। তবে বিশ্বকাপ জিততে না পারলেও মেসিকে চিরদিনই ফুটবলপ্রেমীরা মনে রাখবে বলে জানিয়েছেন পগবা, ‘তার মতো খেলোয়াড় আপনাকে ফুটবল ভালোবাসতে শেখায়। আমি মনে করি, সে আরো অনেকদিন বিশ্বসেরা থাকবে। এবং তাকে খেলতে দেখাটা খুবই আনন্দের। এটা হয়তো তার শেষ বিশ্বকাপ, কিন্তু ফুটবলপ্রেমী, সাংবাদিক ও এই পৃথিবীর সবাই চিরদিন তাকে মনে রাখবে।’

৬ জুনের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ আরেক লাতিন দল উরুগুয়ে। যারা পর্তুগালকে বিদায় করে শেষ আটে উঠেছে।

আপনার মন্তব্য

আলোচিত