০২ জুলাই, ২০১৮ ১৭:৪৪
এশিয়া থেকে রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল মোট পাঁচ দল। দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, সৌদি আরব ও জাপান। একমাত্র জাপান বাদে বাকি চারদল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে প্রথম রাউন্ড থেকেই। তাইতো এশিয়ার মান রক্ষার পুরো দায়িত্বটা এখন জাপানের কাঁধে।
আজ সেই লড়াইয়ে জাপানের প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপ পর্বে তিন জয় তুলে বেলজিয়াম এখন বিশ্বকাপের হট ফেভারিট। অন্যদিকে জাপান নক আউট পর্বে উঠেছে বহু পথ পেরিয়ে। তবুও তাদের লড়াই ভিন্ন মাত্রা পাচ্ছে বিশ্বকাপ বলেই। নক আউট পর্বের প্রতি ম্যাচেই ঘটছে নানা ঘটনা, অঘটন!
বিশ্বকাপের দুই ধ্রুবতারা মেসি ও রোনালদো এক রাতে বিদায় নিয়েছেন রাশিয়া থেকে। গতকাল রাশিয়া হারিয়েছে স্পেনকে। ক্রোয়েশিয়া নাটকীয় টাইব্রেকারে হারিয়েছে ডেনমার্ককে। মাঠে ফুটবলে সব হিসাব ওলট-পালট হয়ে যাচ্ছে। তাইতো জাপানকে নিয়ে অনেকেই আশা করছেন। আবার বেলজিয়ামও ভয় করছে এশিয়ার পরাশক্তিদের।
বেলজিয়ামের বর্তমান দলটিকে অ্যাখ্যা দেওয়া হয়েছে ‘গোল্ডেন জেনারেশন’ হিসেবে। যোগ্য উপাধিই বটে। যে দলে ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইন, ফেলানি, কারাসকো, ড্রাইস মার্টিনেজের মতো তারকাসমৃদ্ধ, সেই দলটি তো গোল্ডেন জেনারেশনই। এমনিতেই তো আর সেরার অ্যাখ্যা দেওয়া হয়নি। মাঠের পারফরম্যান্স অসাধারণ বলেই হ্যাজার্ডদের মিলছে এমন সম্মান। ঘরোয়া কিংবা ক্লাব ফুটবলে দাপটের সঙ্গে খেলেন বেলজিয়ামের খেলোয়াড়রা। সেই ধারা অব্যাহত রেখেছে রাশিয়া বিশ্বকাপেও। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে পা রেখেছে দ্বিতীয় রাউন্ডে। আজ এশিয়ার পরাশক্তি জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তারা। ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।
জাপানও কম কীসে! এশিয়ার একমাত্র দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে কেইসুকে হোন্ডা, কাগাওয়ারা। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই জাপান হারিয়েছে গত আসরের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়াকে। যদিও গ্রুপসেরা হতে পারেনি, তবে গ্রুপরানার্স আপ হয়ে উঠে এসেছে শেষ ষোলোয়। মাঠের খেলায় যেমন প্রতিভার স্বাক্ষর রেখেছে, তেমনি ভালো আচরণেও সুনাম কুড়িয়েছে তারা। তাই তো সেনেগালের সমান পয়েন্ট থাকা সত্ত্বেও মিলেছে দ্বিতীয় রাউন্ডের টিকিট। গ্রুপপর্বে জাপানের খেলোয়াড়রা সেনেগালের তুলনায় কার্ড কম দেখেছে। শুধু এ কারণেই পয়েন্ট সমান থাকার পর (৪ পয়েন্ট) সেনেগালকে টপকে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে আকিরা নিশিনোর শিষ্যরা।
জাপান ভারসাম্যপূর্ণ দল, বেলজিয়াম তারকা সমৃদ্ধ। দুই দলের এমন লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে সেটা দেখার।
আপনার মন্তব্য