১১ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৪৭
ফিফপ্রো ও ফিফার বিশ্ব একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে এবার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে লড়বেন মোহাম্মদ সালাহ। সংক্ষিপ্ত তালিকার আক্রমণভাগে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীদের সঙ্গে জায়গা পেয়েছেন এ মিসরীয় ফরোয়ার্ড।
গত মৌসুমের বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হবে এ দল। ফিফপ্রো ও এর অধিভুক্ত খেলোয়াড় সংগঠনের সহায়তায় পেশাদার ফুটবলাররা একজন গোলরক্ষক, চার ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন অ্যাটাকারকে নিয়ে এ দল বাছাই করবেন।
ফিফা ও ফিফপ্রো এ একাদশ ঘোষণা করবে ২৪ সেপ্টেম্বর লন্ডনে, বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের পল পগবা, আঁতোয়া গ্রিজমান ও কাইলিয়ান এমবাপ্পে জায়গা পেয়েছেন এ তালিকায়। মিডফিল্ডে আছেন ক্রোয়েশিয়াকে ফাইনালে নেয়া লুকা মদরিচ।
গত বছরের একাদশে মেসি ও রোনাল্ডোর পাশে আক্রমণভাগে থাকা নেইমার আছেন এবারও। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল এবং জাতান ইব্রাহিমোভিচ ও অ্যালেক্সিস সানচেজের।
টানা ১২তম বছর জায়গা ধরে রাখলেন স্পেনের সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। গত বছরসহ নয়বার মূল একাদশে ছিলেন বার্সেলোনার সাবেক অধিনায়ক।
আপনার মন্তব্য