২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৯
করোনামুক্ত হয়ে নগরবাসীকে সরকারের পক্ষ থেকে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় মেয়র নগরবাসীর প্রতি এমন আহ্বান জানান। যদিও করোনা পরীক্ষার নমুনা জমা দেওয়ার পর নিজেই স্বাস্থ্যবিধি মানেননি বলে অভিযোগ ওঠেছিলো মেয়রের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মেয়র আরিফ করোনামুক্ত হন। এরআগে গত ১০ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
করোনামুক্ত হওয়ার পর বুধবার ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমি নগরবাসীর প্রতি অনুরোধ রাখবো, সরকার যে আদেশ দিয়েছেন সেই মোতাবেক যেনো তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। আর এই স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের সকলের দায়িত্ব এবং এতেই আমাদের মঙ্গল হবে।’
বিজ্ঞাপন
সিসিক মেয়র আরও বলেন, ‘আমাদের মঙ্গলের জন্যই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে যে আদেশ জারি করা হয়েছে সেটা সকলকেই মেনে চলতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটাই দেয়া হোক, সেটা ধর্মীয়ভাবে হলেও মেনে চলা উচিৎ বলে আমি মনে করি। আর এটাই আমাদের সকলের জন্য উত্তম হবে।’
এরআগে ১০ সেপ্টেম্বর করোনা শনাক্তকরণ পরীক্ষার নমুনা জমা দিয়ে নিজেই স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন মেয়র আরিফ। এ নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ওই রাতেই করোনা শনাক্ত হয় মেয়রের। করোনার নমুনা জমা দিয়ে কোয়ারেন্টিনে থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও তা লঙ্ঘন করেন মেয়র আরিফ।
প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের করোনাভাইরাস শনাক্ত হয়। দীর্ঘ ১২ দিন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল জমা দেন। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার রাতে পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
আপনার মন্তব্য