২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৬
গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান প্রার্থীরা। বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আওয়ামীলীগ, বিএনপিসহ ৫ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জানা যায়, বুধবার বৃষ্টি উপেক্ষা করে প্রথমে কর্মীর বহর নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন।
এরপর মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী, লক্ষীপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল। তিনি বিশাল গাড়ির বহর নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। এরপর একে একে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম তুহিন ও মোঃ আব্দুর রহিম।
উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাছাইবাচাই ও আগামী ২ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুশন গত ৪জুন মৃত্যুবরণ করেন। ফলে এ পদটি শূন্য হয়ে যায়। শূন্য এ পদে আগামী ২০অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য