০৭ জুলাই, ২০২১ ১৯:১৯
সিলেটে করেনায় শনাক্তের হার উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাই ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার এবং দেশব্যাপী সরকার ঘোষিত কঠোর লকডাউন মানার বিনীত অনুরোধ জানিয়েছেন দি সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি আবু তাহের মো. শোয়েব।
বুধবার (৭ জুলাই) সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, দিন দিন করোনাভাইরাস বাংলাদেশে ভয়ঙ্কররূপ ধারণ করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া রেকর্ড সংখ্যক হারে শনাক্ত হচ্ছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, সিলেটে সংক্রমণের হার ১০৭.৪ শতাংশ, যা সিলেটবাসীর জন্য হতাশাজনক। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে শনাক্তের হারও উদ্বেগজনক। তাই আমি ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার এবং দেশব্যাপী সরকার ঘোষিত কঠোর লকডাউন মানার বিনীত অনুরোধ জানাচ্ছি।
ইতোমধ্যে করোনায় বিশ্বব্যাপী ৪০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এসময় আমাদের আতঙ্কিত না হয়ে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলা অর্থাৎ মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলা অত্যন্ত জরুরী।
শোয়েব বলেন, নিজেকে সুরক্ষিত রাখলে পরিবার, সমাজ সর্বোপরি দেশ সুরক্ষিত থাকবে। আসুন আমরা নিজেকে সুরক্ষিত রাখি ও অন্যকেও সুরক্ষিত রাখতে উৎসাহিত করি।
আপনার মন্তব্য