নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২১ ১৫:৪৭

ধরমপাশায় তরুণের লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা গ্রামের সামনে থাকা আতলা হাওরের পাড় থেকে ২০ থেকে ২২ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ধরমপাশা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মাসকান্দা গ্রামের দক্ষিণ পাশে আতলা হাওরটি অবস্থিত। সকাল সাড়ে নয়টার দিকে আতলার হাওরের উত্তর পাশে অজ্ঞাতনামা ২০ থেকে ২২ বছর বয়সী টি–শার্ট পরিহিত এক তরুণের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবরটি থানা-পুলিশকে এলাকাবাসীর পক্ষ থেকে মুঠোফোনে জানানো হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ।

ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী দুপুর ১২টার দিকে বলেন, ২০ থেকে ২২ বছর বয়সী এই তরুণের লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। পানিতে ভাসতে ভাসতে লাশটি এখানে চলে এসেছে। লাশের শরীরে কিছু অংশ ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া লাশটির পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত