১৮ জুলাই, ২০২১ ২০:৫৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর আষাঢ় মাসের শুরু থেকেই টানা বৃষ্টিপাতের ফলে কৃষকরা কোনো রকম সেচ ছাড়াই আমন ধানের চারা রোপণ করতে পারছেন। ফলে কম খরচে কৃষকরা তাদের চাষাবাদের জমি তৈরি করছেন। এছাড়াও সরকারী ভাবে সার বীজ পাওয়ার ফলে বিগত বছরের তুলনায় এবার লাভবান হবেন বলে তারা ধারণা করছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের বাদাঘাট, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল, বালিজুড়ি ও উত্তর শ্রীপুর ইউনিয়নে আমন ধানের ব্যাপক চাষাবাদ শুরু হয়েছে। চলতি বছর উপজেলায় ছয় হাজার ৩৫০হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২০-২১অর্থবছরে খরিপ-২মৌসুমে সরকারের প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার উপজেলার ২০০কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট গ্রামের কৃষক মরফর আলী বলেন, প্রতি বছর ৫ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে আমন ধান চাষাবাদ করেন। সরকারী সার ও বীজ পেয়েছি। এ বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ায় প্রতি কিয়ার জমিতে চারা রোপণ করতে যে টাকা খরচ হয়েছে এবার খরচের পরিমাণ তার চেয়ে অনেক কম। এছাড়াও কৃষি অফিসারগন সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন পরামর্শও দিচ্ছেন। সার বীজ দেওয়ার পাশাপাশি পরামর্শ আমাদের অনেক উপকার হয়েছে।
একই কথা জানিয়েছেন বাদাঘাট ইউনিয়ন ননাই গ্রামের নজরুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও গ্রামের ফজল উদ্দিন, লাউড়েরগড় গ্রামের ফারুক মিয়া।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের পক্ষ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেয়াসহ পরিস্থিতি বিবেচনা করে নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষকগনও তা জমিতে প্রয়োগ করে অনেকেই লাভবান হয়েছেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা বলেন, প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে এবার আমন ধানের চাষাবাদ ভাল হচ্ছে। সরকারের প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে। আশা করি গত বছরের তুলনায় এবার অনেক ভালো ফলন হবে। আমি ও আমার সহকর্মীরা সব সময়ই কৃষকদের পাশে আছি। খোঁজ খবর রাখছি বিভিন্ন সমস্যার বিষয়ে দ্রুত সমাধান ও করে দিচ্ছি।
আপনার মন্তব্য