বড়লেখা প্রতিনিধি

২৫ জুলাই, ২০২১ ০০:৫৯

বিধিনিষেধ না মানায় বড়লেখায় জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় পথচারী, চালকসহ ১০ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) বিকেলে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কাঠালতলী, রতুলী ও দক্ষিণভাগ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। এসময় মাস্ক না পরা, বিধিনিষেধ অমান্য করে যানবাহন চালানো ও অকারণে ঘোরাফেরার অপরাধে পথচারী, চালকসহ ১০ জনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্থানীয় বাজারগুলোতে প্রচারণা চালানো এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এরআগে সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল হয়। এসময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

দুপুরে উত্তর শাহবাজপুর ইউনিয়ন এলাকার কর্মহীন দশটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘বিধিনিষেধ বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি। লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় ১০ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।’

আপনার মন্তব্য

আলোচিত