‎গোয়াইনঘাট

২৮ অক্টোবর, ২০২৬ ২১:১১

গোয়াইনঘাটে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাদিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তুরুকবাগ হাওর এলাকার জামলাকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহত সাদিয়া বেগমের বাবার নাম আজির উদ্দিন। তাঁর স্বামী তানজিল আহমদের (২২) বাবার নাম আব্দুর রহিম। তাঁদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর তানজিলকে আটক করেছে পুলিশ।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে। পরে খবর পেয়ে রাত আনুমানিক ৯টার দিকে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
‎
‎এদিকে, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।
‎
‎সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহজালাল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে তাঁর স্বামী তানজিল আহমদকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত