সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪৬

বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল: সিলেট বিএনপি

সিলেট জেলা বিএনপির আলোচনা সভা

সিলেট জেলা বিএনপির আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ভালো অর্জনের সাথে জিয়াউর রহমান ও বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। দেশে যখনই কোন দুর্ভোগ নেমে এসেছে তখনই জিয়া ও বিএনপির নেতৃত্বেই তা মোকাবেলা হয়েছে। বাংলাদেশ, জিয়া, বিএনপি এক ও অভিন্ন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।

বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে যখন সুবিধাবাদীরা আত্মগোপনে চলে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ইতিহাস সাক্ষী জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে আত্মগোপনে যান নাই বরং সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জীবন বাজী রেখে দেশের স্বাধীনতা অর্জন করেছেন।

বক্তারা বলেন, ১৯৭৫ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনে যখন জাতি গভীর সংকটে সেই ক্রান্তিলগ্নে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষায় জিয়াকে দেশ পরিচালনার নেতৃত্বে আসীন করে। শহীদ জিয়া আওয়ামী বাকশালের পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে আওয়ামী লীগও এদেশে রাজনীতি করার সুযোগ পায়। সেই গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মুখে জিয়াকে নিয়ে সমালোচনা শোভা পায় না।

জেলা বিএনপির আহবায়কয়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে, জেলা আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের সঞ্চালনায় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মঈনুল হক চৌধুরী, অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, বিএনপি নেতা একেএম তারেক কালাম, ডা. আব্দুল গফুর, মঈনুল হক, লায়েস আহমদ, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, আব্দুল মালেক, আব্দুল লতিফ খান, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ।

সভায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সভায় প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, মরহুম এম এ হক, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম সহ মৃত্যুবরণকারী সিলেটের সকল নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ও মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভা থেকে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান দাবী করা হয়। অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত