সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০২৬ ০০:২৫

সিলেটে সিসিটিভি খুলে ধর্ষণের হুমকির অভিযোগ লন্ডন প্রবাসীর স্ত্রীর

বিয়ের তথ্য গোপন করে প্রতারণা, ছোট ভাইয়ের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং বর্তমানে ফ্ল্যাট দখলসহ প্রাণনাশের হুমকির অভিযোগ এনেছেন এক লন্ডন প্রবাসীর স্ত্রী।

শনিবার (২৭ জুন) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নগরীর মুন্সিপাড়া ৫৭/বি আবাসিক এলাকার বাসিন্দা রোহেলা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রোহেলা অভিযোগ করেন, ২০২২ সালের ১১ ডিসেম্বর সম্পূর্ণ পারিবারিক সম্মতিতে লন্ডন প্রবাসী মো. মাহমুদ আলীর সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে মাহমুদ আলী পূর্বে বিয়ে নেই বলে লিখিত অঙ্গীকার করলেও বিয়ের তিন মাস পর জানা যায়, লন্ডনে তাঁর প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে।

রোহেলা বেগম জানান, বিয়ের সময় ১০ লাখ টাকা দেনমোহর ও ১০ ভরি স্বর্ণালঙ্কার দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। উল্টো তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া এবং ব্যবসার কথা বলে তাঁর ছোট ভাই মো. শফিকুলের কাছ থেকে নগদ ২০ লাখ টাকা ধার নেন মাহমুদ আলী। পরবর্তীতে এই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয় এবং মাহমুদ আলী তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতারণার প্রতিকার চেয়ে রোহেলা বেগম সিলেট মেট্রোপলিটন আদালতে একটি সিআর মামলা (নম্বর: ২৪১/২৪) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলা করার পর থেকেই তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। ফ্ল্যাট থেকে জোরপূর্বক উচ্ছেদ করার জন্য স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ফাতেমা বেগমের প্ররোচনায় বেশ কয়েকবার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এ বিষয়েও আদালতে মামলা চলছে।

ভুক্তভোগী রোহেলার অভিযোগ, গত ২৪ মে মো. আবু তাহের তপু নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের হুমকি দেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর গত ১৮ জুন প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ঘরের সিসিটিভি ক্যামেরাও সরিয়ে ফেলার চেষ্টা চালায় তারা। জীবন বাঁচাতে প্রতিবাদ করলে সেই ভিডিওর একাংশ কেটে পরিকল্পিতভাবে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর মানহানি করা হচ্ছে। অন্যদিকে, শিপন ও জুয়েল নামের দুই ব্যক্তি তাঁর ফ্ল্যাট দখল করার উদ্দেশ্যে ভূমি অপরাধ ও প্রতিকার আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেছে।

রোহেলা বেগম বলেন, সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর কোনো বক্তব্য না নিয়েই একপাক্ষিক ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ঘরবন্দি দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আসামিদের দ্রুত গ্রেপ্তার, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত