জৈন্তাপুর প্রতিনিধি

২৮ জুন, ২০২৬ ০০:৩৬

সিলেটে ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় প্রিয় দল ফ্রান্সের পতাকা টানাতে গিয়ে সিলেটের জৈন্তাপুরে গাছ থেকে পড়ে বিরেণ পাত্র (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিরেণ ওই গ্রামের মৃত ইলেন্দ্র পাত্রের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় প্রিয় দল ফ্রান্সের প্রতি ভালোবাসা জানাতে নিজের এলাকায় একটি বড় পতাকা টানানোর উদ্যোগ নেন বিরেণ। এজন্য তিনি বাড়ির পাশে প্রায় ৬০ ফুট উঁচু একটি গাছে ওঠেন। পতাকা টানানো শেষে নিচে নামার সময় অসাবধানতাবশত হাত ফসকে তিনি মাটিতে আছড়ে পড়েন।

এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিকনাগুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য অহিদুর রহমান জানান, নিহতের তিন কন্যা এবং মাত্র ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত