নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৫৮

শুক্রবার আলিয়া মাদ্রাসা মাঠে লুৎফুর রহমানের জানাযা

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান (৮২) আর নেই।

বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

লুৎফুর রহমানের জানাযার নামাজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে নগরীর মানিক পীর টিলায় লাশ দাফন করা হবে।

লুৎফুর রহমান গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হয়। রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় প্রবীন এই রাজনীতিবিদকে।

লুৎফুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল।

তিনি বলেন, লুৎফুর রহমান গণ পরিষদ সদস্য ছিলেন। এছাড়া তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানেও স্বাক্ষরকারী। বঙ্গবন্ধুর সাহচর্য পাওয়া এই রাজনীতিবিদ সিলেট আওয়ামী লীগের এক অভিভাবক ছিলেন।

পেশায় আইনজীবী লুৎফুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের ওসমানী নগর থানার বড় হাজিপুর গ্রামে। তবে বর্তমানে তিনি সিলেট নগরর আম্বরখানা বড়বাজার এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পরলে দুইদিন আগে লুৎফুর রহমানকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত