নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৭

লুৎফুর রহমানের বাসায় নানকসহ আওয়ামী নেতৃবৃন্দ

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে তার বাসায় গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে লুৎফুর রহমানের আম্বরখানা বড়বাজারস্থ বাসায় যান।

জাহাঙ্গীর কবির নানকের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তারা।

এসময় লুৎফুর রহমানের পরিবারের শোকাহত সদস্যদের সমবেদনা জানান আওয়ামী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অ্যাডভোকেট লুৎফুর রহমান নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত