০৬ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৫৩
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ভূমি কার্যালয়ের উদ্যাগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস প্রধান সুশীল চন্দ্র সরকার, সদর ভূমি অফিসের তহশিলদার সুহেল মিয়া, ভূমি অফিসের সার্ভেয়ার মুহিবুর রহমান প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সরকারি চাকুরী বদলি যোগ্য। তাই আমি আদেশ মেনে নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে আমার কিছু পরিকল্পনা ছিল। মাননীয় পরিকল্পনা মন্ত্রীর নির্বাচনী এলাকা হিসেবে একটি অগ্রসর উপজেলায় কিছু দিন কাজ করে ভালো লেগেছে। বিদায় বেলায় সংবর্ধনা প্রদান করায় আমি কৃতজ্ঞ।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অল্প সময়ে এমন বদলীর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কোন ধরনের অভিযোগ ছাড়া সফলভাবে তিনি জগন্নাথপুর উপজেলায় দায়িত্ব পালন করে গেছেন। আমরা তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে সংবর্ধনা প্রদান করেছি।
আপনার মন্তব্য