০৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৪
ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণটিকাদান কেন্দ্রে টিকাদানকারী স্বাস্থ্যকর্মী নারীর সাথে অসৌজন্যমূলক আচরণ করায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য মতিউর রহমান।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণটিকাদান কেন্দ্রে ঘটনাটি ঘটে।
জানা যায়, সারা দেশব্যাপী গণটিকাদানের অংশ হিসাবে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণটিকাদান কেন্দ্রে টিকাদান চলছিল। এ সময় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য মতিউর রহমান টিকাদানকারী নারী স্বাস্থ্যকর্মী হাতে ধরেন এবং টিকাদানে বাঁধা প্রদান করেন। বিষয়টি টিকাদানকারী নারী স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও রিংকু চৌধুরীকে অবহিত করলে তাৎক্ষনিক সময়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে বসে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে মুচলেকায় সম্মতি নেয়া হয়।
মুচলেকায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে তার দ্বারা সরকারী কোন কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ যে কোন শ্রেণী পেশার লোকজনের সাথে পুনরায় খারাপ আচরণ করলে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, ইউএইচএফপিও সৈয়দ আবু আহাম্মাদ শাফী, থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মো. শফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর থানার এসআই গোলাম হক্কানী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণ করায় ইউপি সদস্য মতিউর রহমানকে মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয়েছে।
আপনার মন্তব্য