নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২১ ১৪:৩৮

বিশেষায়িত হয়নি শামসুদ্দিন হাসপাতাল, ফেরত গেলো বরাদ্দের অর্থ

সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল বিশেষায়িত হাসপাতালে উন্নীত না হওয়ায় ও এই খাতে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ায় ক্ষোভ ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ২০০ বেডের বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল করার জন্য প্রকল্প গ্রহণ করেছিলেন। এজন্য ১১০ কোটি টাকাও বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত হাসপাতালে উন্নীত করা হয়নি। ১শ’ শয্যা থেকে দুইশ’ শয্যায় উন্নীত করা হয়নি।

মন্ত্রী বলেন, ২শ’ শয্যার হাসপাতাল না করে ১শ’ শয্যা সংস্কার করে বরাদ্দ থেকে ব্যয় করা হয় ১০ কোটি টাকা। কাজ না করে ফেরত দেয়া হয় ১শ’ কোটি টাকা। সংশ্লিষ্টরা সিলেটের স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দকৃত টাকা নষ্ট করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী দুঃখ করে বলেন, ২শ’ শয্যার মা ও শিশু হাসপাতালের জন্য ডিজাইন রেডি ছিল, অর্থ বরাদ্দও ছিল। কিন্তু শুধুমাত্র সংশ্লিষ্টদের গাফিলতির কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। কষ্ট করে টাকা আনার পর কাজ না হওয়া খুবই দুঃখজনক। এর জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া উচিত।

মন্ত্রী বলেন, ‘সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী টাকা দিচ্ছেন। কোন প্রকল্প নিয়ে সমস্যা থাকলে আমার সিলেট ও ঢাকার অফিস উন্মুক্ত। সমস্যা জানাতে পারেন। সমস্যা জানলে সমাধান করতে পারবো। কিন্তু অজুহাতে যেন উন্নয়ন কাজ বাধাগ্রস্ত বা আটকে যেন না যায়।’

আপনার মন্তব্য

আলোচিত