দিরাই প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২১ ২০:১৬

দুর্গোৎসবে নিরাপত্তা জোরদার করা হবে: সুনামগঞ্জের জেলা প্রশাসক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিরাইয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, র‌্যাব-৯ এর লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আলতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন রায়, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, আলহাজ্ব মুজিবুর রহমান তালুকদার, আব্দুল কুদ্দুস, শিবলী আহমদ বেগ, রেজুয়ান খান, দিরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার সহ সকল পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলায় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে পুলিশ, র‌্যাব বিশেষ টহলে থাকবে। আপনারা নির্বিঘ্নে উৎসব উদযাপন করুন সরকার আপনাদের পাশে রয়েছে। পূজায় যাতে কোনরকম বিশৃঙ্খলার ও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুধু প্রশাসনের হস্তক্ষেপেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়, যদি না আমরা সবাই সচেতন না হই।

তিনি বলেন, দিরাই উপজেলার অতীত ইতিহাস খুব গৌরবোজ্জ্বল। দিরাই শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে যা আমাদের সকলের প্রচেষ্টায় ধরে রাখতে হবে। পূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান তিনি।

প্রসঙ্গত, এবার উপজেলায় ৬৩ টি পূজা অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত