সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২১ ১৬:২৩

তেলের দাম বৃদ্ধি অবশ্যই চিন্তার বিষয়: পরিকল্পনামন্ত্রী

তেলের দাম বৃদ্ধি এটা অবশ্যই চিন্তার বিষয়, তবে বিশ্বের কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নয়। মূল মহাজনরা যখন দাম বাড়ায় তখন আমাদেরকে বাধ্য হয়েই দাম বাড়াতে হয়। তেলের দাম মুল মহাজনরা যতটা বাড়িয়েছে সেই অনুপাতে আমাদের দেশে এতোটা দাম বাড়েনি।

শনিবার (৬  নভেম্বর) বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫০তম সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

এ সময় আরও মন্ত্রী বলেন, এখনো আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে। এখন যে দাম বাড়ানো হয়েছে খাত আরও বাকি আছে, খাত এখনো আরও গভীর। তবে আলোচনার মাধ্যমেই সব সমাধান করা সম্ভব ধর্মঘট ডেকে সমাধান হবে না বলে মন্ত্রী জানান।

এছাড়া মন্ত্রী বলেন, কর্মসংস্থান প্রক্রিয়ায় অর্থনীতিতে নতুন নতুন জব সৃষ্টি হচ্ছে। কোভিডের কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছিলো। ক্ষতি পুষিয়ে আমরা আগের জায়গায় যাচ্ছি কিছুটা সময় লাগবে তবে আমরা দ্রুতই এ থেকে উঠে আসবো।

সমবায় দিবসের আলোচনার আগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয় এবং সমবায় দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। র‌্যালি শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: শামস উদ্দিন আহমদ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারী কলেজ এর অধ্যক্ষ নীলিমা চন্দ প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলার ৪ জন সেরা সমবায়ীকে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া সমবায় দিবস উপলক্ষে পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলার ১২ উপজেলায়।

আপনার মন্তব্য

আলোচিত