নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২১ ১৯:১৯

৩ দিন মোটরবাইক ও একদিন সকল যান চলাচলে নিষেধাজ্ঞা

ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণকালে সিলেটের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুসারে সিলেট জেলা ম্যাজিস্ট্রেট এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

আগামী ১১ নভেম্বর সিলেট জেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। নির্দেশনা অনুযায়ী, এ উপলক্ষে এসব নির্বাচনী এলাকায় ১০ নভেম্বর রাত ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সকল প্রকার নৌযান ও স্পিডবোট চলাচল করতে পারবে না। তবে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ অর্থাৎ ভোটারদের চলাচলে ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

একইভাবে অন্যান্য যানবাহন চলাচলের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নির্দেশনা অনুসারে, নির্বাচনী এলাকায় ১০ নভেম্বর রাত ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকলে বন্ধ থাকবে ৯ নভেম্বর রাত ১২টা থেকে ১২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ টানা তিনদিন মোটরসাইকেল রাস্তায় নামতে পারবেনা।

তবে আরোপিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার মনোনীত নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্রধারী দেশী-বিদেশী পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনীকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের মতো জরুরি কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে প্রয়োজ্য হবে না।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য পরিবহনসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও ও কান্দিগাঁও, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই এবং বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
এদিকে মহানগর পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ১০ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ১১ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবী ট্যাক্সি/ সিএনজি অটোরিক্সা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পীটবোটসমূহের চলাচল বন্ধ থাকবে। এছাড়া ৮ নভেম্বর মধ্যরাত থেকে ১২ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলও বন্ধ থাকবে বলে পুলিশ জানায়।

 এছাড়া ৮ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ১৪ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী নির্বাচনে প্রার্থী, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। তবে জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টীকার ব্যবহার করতে হবে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, মহানগর পুলিশের আওতাধীন সিলেটের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব ইউনিয়নের আওতাধীন এলাকাগুলো যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত