১৪ নভেম্বর, ২০২১ ২৩:৫৪
সিলেটের বিশ্বনাথে এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র থেকে চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
সেই সাথে তাদের চারজনকে বাকি পরীক্ষাগুলোতেও কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চন্দ্র দাশ ওই চার শিক্ষককে বহিষ্কার করেন।
তারা বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ।
তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে বিশ্বনাথ কামিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহারকালে ওই চার শিক্ষককে হাতেনাতে ধরা হয়। যে কারণে স্থায়ীভাবে দায়িত্ব থেকে কামাল বাজার আলিম মাদ্রসার সহকারি শিক্ষক শাহ আলম, হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক হুসেন রজবি মুন্সি, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রসার সহকারি শিক্ষক মেজবাউল ইসলাম ও বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারি গ্রন্থাগার মোহাম্মদ রুহুল কুদ্দুছকে বহিষ্কার করা হয়।’
সেই সাথে বাকি পরীক্ষাগুলোতেও তাদেরকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য