নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৭

অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে নগরীতে সার্ক কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাবদ অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সার্ক ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়ে কলেজ কর্তৃপক্ষের অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবি জানায়। পরে শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, কলেজ কর্তৃপক্ষ নিয়ম নীতির তোয়াক্কা না করে কয়েকগুণ বেশি ফি আদায় করছে।

তারা বলেন, সার্ক কলেজে গত ১৫ ডিসেম্বর থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।


শিক্ষার্থীরা আরো জানান, অন্যান্য কলেজে এইচএসসির ফরম পূরণ ফি বাবত ১ হাজার ৫শ’ টাকা নিলেও সার্ক কলেজে বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৮শ’, মানবিক ও ব্যবসা শাখায় ৮ হাজার ৯শ’ টাকা করে নেয়া হচ্ছে। ফি কমানোর দাবিতে কলেজ কর্তৃপক্ষের আবেদন করা হলেও তারা কোন সাড়া দেননি। তাই বাধ্য হয়ে আজ মানববন্ধনে নেমেছেন শিক্ষার্থীরা।

তারা জানান, কলেজের এই অন্যায় টাকা আদায়ের প্রতিবাদ করায় কলেজের অধ্যক্ষ তাদের অভিভাবককে ফোন করে মামলা দেয়ার হুমকিও দিচ্ছেন। একই দাবিতে গত ১৭ ডিসেম্বর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছিল এই কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "শীঘ্রই বিষয়টি সমাধান করা হবে"।

আপনার মন্তব্য

আলোচিত