১৭ ডিসেম্বর, ২০১৫ ১৪:৩৫
এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাবদ অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সার্ক ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা সিলেট শিক্ষা বোর্ডের সামনে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এইচএসসি পরীক্ষার্থীরা ক্লাস বর্জন করে মিছিল সহকারে শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা জানায়, রেজিস্ট্রেশন বাবদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নয় হাজার আটশত টাকা ও অন্যান্য বিভাগের জন্য ৮ হাজার আটশত টাকা নির্ধারণ করে। যেখানে অন্যান্য কোন বেসরকারি প্রতিষ্ঠানেই এর অর্ধেকও দিতে হয় না।
কেন এত অতিরিক্ত ফি নেয়া হচ্ছে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমরা মোটেও শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির বাইরে এক টাকাও বেশি নিচ্ছি না"।
কলেজের সিলকৃত ফি নেয়ার রশিদের কথা উল্লেখ্য করে প্রশ্ন করা হলে তিনি বলেন, "মূলত রেজিস্ট্রেশন বাবদ নেয়া হচ্ছে তিন হাজার বাকি টাকা মডেল টেস্ট ও কোচিং বাবদ নেয়া হচ্ছে"।
তিনি বলেন, "শিক্ষার্থীরা অভিভাবকসহ আমার সাথে দেখা করলে বিষয়টি সুরাহা সম্ভব"।
এদিকে শিক্ষার্থীরা রশিদ দেখিয়ে জানিয়েছে, "কেবল রেজিস্ট্রেশন বাবদই ৯ হাজার ৮ শত টাকা নেয়া হচ্ছে"। তারা অভিযোগ করে বলেন, আমাদের ২০১৬ সালের জুন পর্যন্ত বেতন নেয়া হয়েছে অথচ মার্চের পরে আমাদের কোন ক্লাসই নেই"
তারা বলেন হঠাৎ করে এত অতিরিক্ত ফি বহন করা তাদের পক্ষে সম্ভব না হওয়া শিক্ষাবোর্ডের দ্বারস্থ হয়ে তারা প্রতিকার চাইছেন। দুপুর দুইটায় সিলেট শিক্ষা বোর্ডের উপ পরিদর্শক কবির আহমদ বলেন , লিখিত দরখাস্ত নিয়ে রোববার আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তাঁর আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করে চলে যান।
আপনার মন্তব্য