নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২২ ২১:৫৯

অন্ধকারে অনেক পূজামণ্ডপ

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকার হয়ে পড়েছে সিলেটের অনেক পূজা মণ্ডপ। ফলে পূজারি ও ভক্তদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা।

গতবছর দুর্গা পূজায় দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের কারণে এবার শুরু থেকেই পূজা নিয়ে শঙ্কা ছিলো। এবার কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে প্রশাসন। এছাড়া পূজা আয়োজক কমিটির পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরের মণ্ডপগুলোতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

তবে গ্রিড লাইনে ত্রুটির কারণে মঙ্গলবার দুপুর ২ টা থেকে বিদ্যুৎহীন হয়ে পরে পুরো সিলেট। সন্ধ্যার পর থেকে অন্ধকার হয়ে পরে নগর। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

এদিকে পূজা মণ্ডপগুলোতে জেনারেটর থাকলেও অনেক স্থানে কেবল প্রতিমার মণ্ডপটিই জেনারেটরের মাধ্যমে আলো জ্বালিয়ে রাখা হয়েছে বাকি এলাকা অন্ধকার অবস্থায় রয়েছে। পর্যাপ্ত আলো না থাকায় নানা শঙ্কা বিরাজ করছে ভক্ত ও আয়োজকদের মধ্যে।

রাতে নগরের লাক্কাতুরা বিষহরি বাড়ি পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, জেনারেটর দিয়ে দুটি মৃদু আলোর বাল্ব জ্বালিয়ে রাখা হয়েছে। তবে প্রায় পুরো অন্ধকারে মণ্ডপ। আশপাশের এলাকাও অন্ধকারে। অন্ধকারের মধ্যেই ভক্তরা ঘুরে বেড়াচ্ছেন। বিদ্যুৎহীনতার কারণে নবমীর রাতে অনেক মণ্ডপে ভক্তদের ভিড়ও ছিলো তুলনামূলক কম।

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি বলেন, আজকের বিদ্যুৎহীনতার কারণে ভক্তদের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। বেশিরভাগ মণ্ডপেই জেনারেটর আছে। কিন্তু দীর্ঘক্ষণ বিদ্যুত না থাকায় জেনারেটরের তেল ফুরিয়ে এসেছে। এতে কিছু মন্ডপগুলো অন্ধকার অবস্থায় রয়েছে।

তিনি বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ চলে আসছে। আশা করছি, দ্রুততম সময়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুর্গা পূজার মহানবমী চলছে। বুধবার মহাদশমী পূজা শেষে বিকেলে প্রতিমা বিসর্জন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত