০৭ নভেম্বর, ২০২৬ ১৭:২৪
স্বাধীনতার পর বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর নেতৃত্বে খাদ্য উৎপাদন বৃদ্ধি, শিল্পে বিনিয়োগ সম্প্রসারণ এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে আয়োজন করেছিলেন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করেছিলেন তিনি। এই দেশ পৃথিবীর বুকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে টিকে থাকার সামর্থ্য রাখে- এমন আত্মবিশ্বাসও তৈরি করেছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বহু বছর পর আজ ৭ নভেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করা হচ্ছে। আগামী দিনে জিয়াউর রহমানের রেখে যাওয়া কাজের অনুসরণে দেশে শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নয়, বরং গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে চায় সরকার। পাশাপাশি অর্থনীতিতে গতি সঞ্চার, পর্যাপ্ত বিনিয়োগ আকৃষ্ট এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে একটি সত্যিকার কার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের আকাঙ্ক্ষা।
শনিবার বিকেলে সিলেটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালিটি বের হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আপনার মন্তব্য