তাহিরপুর প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২২ ২২:২৬

ভারতের কোয়ারীতে পাথর চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু, আহত ১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কয়লা কোয়ারী থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় রুবেল মিয়া(২৮)নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন রজনী লাইন গ্রামের কেনু মিয়ার ছেলে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রাম ও ভারতের কালা পাহাড়ের শিবপুর বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে।

এঘটনায় আমজাদ আলী(৩০) নামের অপর আরেক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবক একই গ্রামের আব্বাস আলীর ছেলে।

এদিকে আহত যুবক আমজাদ আলীকে পরিবারের লোকজন উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, সকালে নিহত রুবেল মিয়া সহ ৪/৫ মিলে চোরাই পথে ভারতের ভিতরে যায় কয়লা আনতে। পরে তারা ভারতের শিবপুর বস্তি এলাকার কালা পাহাড়ের চোরাই কয়লার গুহার ভিতরে ঢুকে(কয়লা কোয়ারী) কয়লার বস্তা নিয়ে আসার সময় হঠাৎ কোয়ারীর উপর থেকে মাটিসহ বড় পাথরের খন্ড রুবেল ও আমজাদ আলীর উপর পরলে এসময় গুহার ভিতরেই রুবেলের মৃত্যু হয়। আমজাদ আলীর কোমরে উপর বড় পাথরের খন্ড পরে কোমড় ভেঙে গিয়ে গুরুতর আহত হয়। এ সময় আহত আমজাদ আলীর চিৎকারে গুহার ভিতরে থাকা তাদের অন্য সঙ্গীরা এসে গুহার ভিতর থেকে রুবেলকে  মৃত অবস্থা এবং আমজাদ আলীকে আহত অবস্থা উদ্ধার করে তাদের বাড়ি রজনী লাইন গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফার্ড়ির ইনচার্জ এস আই খাইরুল ইসলাম রজনী লাইন নিহতের বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক পিএসসি লে. কর্ণেল মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের কয়লা কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পরে এক যুবকের মৃত্যু হয়েছে অন্য একজন আহত হয়ে। পরবর্তীতে এরকম আর কোন ঘটনা যাতে না করে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তের বাগলী, চারাগাঁও, লালঘাট, লাকম, ট্যাকেরঘাট, বুরুঙ্গাচড়া ও লাউড়েরগড় সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে ভারত থেকে একটি কয়লা চোরাচালানী সিন্ডিকেটের ছত্রছায়ায় প্রতিদিনই আসছে হাজার হাজার বস্তা ভারতীয় চোরাই কয়লা। যার ফলে ভারতের কয়লা কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে বাড়ছে বাংলাদেশীদের মৃত্যুর মিছিল।  

এর ধারাবাহিকতায় আগেও বিগত ১৭ এপ্রিল বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকা দিয়ে ভারতীয় চোরাই কয়লার কোয়ারী থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে অনিক মিয়া (২০) নামের আরেক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত