সুনামগঞ্জ প্রতিনিধি:

০৭ অক্টোবর, ২০২২ ২১:০২

সুষ্ঠু নির্বাচনে সরকার কোনো বাধা দেবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন কেবল বিএনপি নয়, আওয়ামী লীগও চায়। দেশের মানুষও চান। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব সব দলের। যে সব দল আইনে বিশ্বাস করে, তারা নির্বাচনেও বিশ্বাস করে।’

শুক্রবার বিকেলে সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে সরকার কোনো বাধা দেবে না, কারণ জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের ওপর আছে। সেটা নির্বাচনেই প্রমাণ হবে।’

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় একটা দুর্ঘটনা ছিল কেবল। সেই সমস্যা মিটেও গেছে। সেরা বিমানও কিন্তু মুহূর্তে মাটিতে পড়ে যেতে পারে।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশিদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সদর উপজলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক মোল্লা প্রমুখ।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে ৪-১ গোল খেলা শেষ হয়। সুনামগঞ্জ সদর উপজেলার হাছনপুর হাজী কুদরত উল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়, রানারআপ হয় বিশ্বম্ভরপুরের মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টেও ট্রাইবেকারে ১-০ গোলে জয়-পররাজয় নির্ধারিত হয়। বিজয়ী হয় তাহিরপুরের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয়েছে শান্তিগঞ্জের ডি কে সি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আপনার মন্তব্য

আলোচিত