জুড়ী প্রতিনিধি:

১৩ অক্টোবর, ২০২২ ১৪:৫২

জুড়ীতে চাচাতো বোনকে রাতভর ধর্ষণ, ভাই গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে এসএসসি পরীক্ষার্থী চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে মাশুক মিয়া (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে মাশুক মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর আপন বড় ভাই বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বিকেলে উপজেলার এক ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মাশুক মিয়া তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার মাগুরা এলাকায় ভাড়া বাসায় বসবাসরত চাচার বাসায় যান। সেখানে গিয়ে মাশুক চাচাকে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের কথা বলে চাচাতো বোনকে (১৬) নিজের বাড়িতে নিয়ে আসেন।

পরে ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাশুক মিয়া নিজের মেয়ে ও চাচাতো বোনকে তার কক্ষে নিয়ে গল্প করেন। কিছুক্ষণ পরে মাশুক নিজের মেয়েকে কৌশলে কক্ষ থেকে চলে যেতে বলে। এরপর চাচাতো বোনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন মাশুক। পরদিন ভোরে মাশুকের ছেলের মুঠোফোন হতে ধর্ষণের শিকার কিশোরী তার ভাই (মামলার বাদীকে) ঘটনা জানায় এবং তাকে উদ্ধার করে নেওয়ার জন্য বলে। খবর পেয়ে কিশোরীর ভাই দ্রুত মোটরসাইকেলে মাশুক মিয়ার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তাৎক্ষণিক কিশোরীকে উদ্ধার করে তার ভাই কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে (কিশোরীকে) মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে তার চিকিৎসা চলছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘কিশোরীর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে জুড়ী থানায় মামলা নেওয়া হয়েছে। এরপর অভিযুক্ত চাচাতো ভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত