জৈন্তাপুর প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২২ ১৪:৪১

জৈন্তাপুরে ধানক্ষেতে নারীর লাশ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার ধানক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল অনুমান ৬ টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার পশ্চিম চটি বাড়ীর পাশে ধান ক্ষেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

নিহত নারী পশ্চিম ঠাকুরের মাটি এলাকার পশ্চিম চটি গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী মোছা. ডলি বেগম (২২)। ঘটনার খবর পেয়ে চিকনাগুল ইউ/পি'র সদস্য ওয়াহিদুর রহমান সহ স্থানীয় অনেকেই ঘটনাস্থলে ছুটে যান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত ডলি বেগম দীর্ঘ দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পুলিশ ধারনা করছে ভোর রাতে কোন এক সময়ে বাড়ীর লোকজনের অগোচরে ঘর হতে বের হয়ে পড়েন এবং মৃগী আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

পুলিশ সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আপনার মন্তব্য

আলোচিত