৩১ অক্টোবর, ২০২২ ২৩:৩৬
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ঢাকা মিষ্টি ঘরের কারখানায় পোড়া তেল, নষ্ট শিরা ও পচা-বাসি মিষ্টি পাওয়া যায়।
কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। ড্রামে রসে ডোবানো পচা-বাসি মিষ্টির ওপর ভাসছিল মরা পোকা। নিম্নমানের এসব মিষ্টিই বাজারজাত হচ্ছে।
মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের মিষ্টি তৈরির এমন ভয়াবহ চিত্র ধরা পড়েছে। এমন অপরাধে পৌর শহরের হাজীগঞ্জ বাজারের ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৫০ কেজি পচা-বাসি মিষ্টি ধ্বংস করা হয়।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানার একদল পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ঢাকা মিষ্টি ঘরের কারখানায় পোড়া তেল, নষ্ট শিরা ও পচা-বাসি মিষ্টি পাওয়া যায়। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে কারখানাটিতে তৈরি হচ্ছিল মিষ্টি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে বলেন, ‘অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মানসম্মত পরিবেশে তৈরী ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।’
আপনার মন্তব্য