নিজস্ব প্রতিবেদক:

০৪ নভেম্বর, ২০২২ ২৩:২৭

নগরীতে ৭টি চোরাই সাইকেল উদ্ধার, দেশীয় অস্ত্র জব্দ

সিলেট নগরের মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ ৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে চালানো এই অভিযানে কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নগরীর জিন্দাবাজারস্থ কানিজপ্লাজার ষষ্ঠ তলায় অবস্থিত একটি গোডাউন থেকে গত ২৪ অক্টোবর ১৬টি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় ব্যবসায়ী জামাল উদ্দিন কোতোয়ালী থানায় মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত বুধবার দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিপাড়ার শফিক মিয়ার ছেলে আবদুস শুকুর ও আব্দুল মতিনের ছেলে রিপন মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুসারে কাল রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মুন্সিপাড়ার দুটি বাসা থেকে ৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া রিপন মিয়ার বাসায় অভিযানকালে পাওয়া যায় দেশীয় অস্ত্র। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি রামদা, দুটি চাকু ও একটি জিআই পাইপ।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘বাইসাইকেল উদ্ধারে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র পেয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।’

তিনি জানান, চোরাইকৃত বাকি বাইসাইকেলগুলো উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ। গ্রেপ্তার আবদুস শুকুর ৮টি এবং রিপন মিয়া ৭টি মামলার আসামি।

আপনার মন্তব্য

আলোচিত