নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২২ ১৪:২৬

কামাল হত্যাকে ‘রাজনৈতিক লেবাস’ দিতে চায় না বিএনপি

সিলেটে আ ফ ম কামাল হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। আগের রাতে বিএনপি নেতারা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করলেও এখন মত পাল্টেছেন তারা। একই সঙ্গে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েও তা থেকে সরে এসেছে বিএনপি।

রোববার রাতে সিলেট নগরের বড়বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল।

হত্যাকাণ্ডের পরপরই বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকার দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাতেই নগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের প্রতিনিধি সভা উপলক্ষে নির্মিত তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন ভাংচুর করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে প্রথম থেকেই ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধ থেকে কামাল খুন হতে পারেন। এতে তার দলেরই কয়েকজন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।

এ অবস্থায় আগের রাতের নিজের বক্তব্য থেকে সরে এসে সোমবার দুপুরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কামাল হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সবাই মর্মাহত। এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক লেবাস দিতে চাই না। যে বা যারা জড়িত তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। তবে নিরিহ কাউকে যেন হয়রানি করা না হয়।

তিনি বলেন, কামাল হত্যার কারণে সিলেট বিএনপি আজ সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে। আমরা সবাই তার জানাজায় অংশ নেবো। মঙ্গলবার থেকে জেলা বিএনপির ৩ দিনের শোক পালন করবে। সবাই কালো ব্যাজ পরিধান করবে।

কাইয়ুম বলেন, ১৯ নভেম্বর আমাদের বিভাগীয় সমাবেশ। এই সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে ২০ নভেম্বর থেকে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।

যদিও রোববার রাতে কামাল হত্যার পর ওসমানী মেডিকেল কলেজের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ সভায় কাইয়ুম চৌধুরী বলেছিলেন, আ ফ ম কামাল হত্যার সাথে সরকার দলের সন্ত্রাসীরা জড়িত। যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

রোববার রাতের মধ্যে কামালের খুনিরা গ্রেপ্তার না হলে সোমবার সকালে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও সেসময় ঘোষণা দিয়েছিলেন কাইয়ুম।

এদিকে, দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আ ফ ম কামালের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর তার ভাই ময়নুল হক লাশ গ্রহণ করে জালালাবাদ ইউনিয়ন আলীনগর গ্রামের বাড়ির দিকে রওয়ানা দেন। সেখানেই বাদ এশা জানাজা ও দাফন সম্পন্ন হবে।

আপনার মন্তব্য

আলোচিত