মৌলভীবাজার প্রতিনিধি:

১১ নভেম্বর, ২০২২ ২১:১৭

মৌলভীবাজারে চলন্ত মোটরসাইকেলে গাছ পড়ে সাংবাদিকের মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলায় চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে বিক্রমজিৎ বর্ধন নামের এক সাংবাদিক মারা গেছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোকামবাজার এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিক্রমজিৎ বর্ধন বাংলা টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের বাসিন্দা। এ ঘটনায় তার সঙ্গে থাকা বড় ছেলে জয় বর্ধন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে মৌলভীবাজার শহরে ছেলের চাকরির পরীক্ষা শেষে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল ফিরছিলেন বিক্রমজিৎ বর্ধন। পথে মোকামবাজার এলাকায় সড়কের পাশের একটি গাছ তাদের ওপর পড়ে। ঘটনাস্থলে মারা যান বিক্রমজিৎ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, সড়কের পাশের সরকারি গাছ চুরি করে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় দুই বাসিন্দা। তারা সকাল থেকে গাছ কাটছিলেন। সেই গাছ ভেঙে পড়ে ওই সাংবাদিকের মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ বলেন, গাছের ডাল মাথায় পড়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মারা গেছেন ওই ব্যক্তি। স্বজনেরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত