সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২ ১১:৪১

বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি সিলেটে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। বিএনপির এ সমাবেশকে ঘিরে সিলেট নগরে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করছেন। এ কারণে বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের দুইটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (সাঁজোয়া যান) প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে গণসমাবেশকে কেন্দ্র করে সর্তক অবস্থানে থাকা মহানগর পুলিশ বিশৃঙ্খলা এড়াতে নগরীর প্রবেশপথসহ ১৯টি স্থানে পুলিশের চেকপোস্ট বাসানো হয়েছে। রয়েছে সাদা পোশাকসহ নয় শতাধিক পুলিশ। এছাড়া চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবইল টিম থাকবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সুদিপ দাস বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা'র প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারে দাবিতে এ গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও তিনটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত