নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২ ১২:০০

সিলেটে আড়াই ঘণ্টা আগেই শুরু বিএনপির গণসমাবেশ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা আগেই শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।  

কোরআন তেলাওয়াত করেন সিলেটে জেলা ওলামা দলের সভাপতি নুরুল হক।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় শুরু হওয়া সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা বেগম শাহনাজ।

সমাবেশস্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা।

অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে টহল দিচ্ছেন তারা।

মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ জানিয়েছেন, সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি অন্যান্য সংস্থাও মাঠে রয়েছে। ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। চারটি মোবাইল টিমসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

শনিবার সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, চাল-ডাল, জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা'র প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারে দাবিতে এ গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগে গণসমাবেশ করা হয়েছে।

সামনে আরও তিনটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত