১২ ডিসেম্বর, ২০২২ ১৭:০৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানী সম্পন্ন হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী, বাদাঘাট ইউনিয়ন পরিষদে গনশুনানি হয়।
এরআগে গত শনিবার শ্রীপুর দক্ষিণ, দক্ষিণ বড়দল, উত্তর শ্রীপুর ইউনিয়নে পৃথক পৃথক ভাবে গণশুনানি হয়। কিন্তু একটি ইউনিয়নেও কমিটি গঠন করা হয় নি।
সোমবার গনশুনানিতে সভাপতিত্ব করেন উপজেলা কবিতা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. শওকত উজ্জামান, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব আলী, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কমিটি সদস্য ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা আবুল কাশেমসহ সহ গণশুনানি কার্যক্রমে উপজেলা কবিতা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য, প্রতিটি ইউনিয়নের কৃষক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, খুব দ্রুতই কমিটি গঠন করে হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হবে। এবার বাঁধ নির্মাণ কারীদের অনিয়ম হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এবার কমিটিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন তদবির কাজ হবে না। যাচাই বাচাই করেই কমিটি দেয়া হবে।
আপনার মন্তব্য