রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর:

১৫ ডিসেম্বর, ২০২২ ২৩:৫৩

শেষ হয়নি পিআইসি গঠন, তবু বাঁধের কাজ শুরু

জগন্নাথপুরে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন কাজই শেষ হয়নি। এরই মধ্যে হাওরের একটি প্রকল্পে কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নলুয়া হাওরের পোল্ডার ১ এর আওতাধীন দাসনাগাঁও এলাকায় ৪ নম্বর প্রকল্পের বেড়ি বাঁধের আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়েছে।

জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম একাজের উদ্বোধন করেন।

কৃষক ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড পাউবোর ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের নীতিমালা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে জরিপ কাজ সম্পন্ন করে প্রাক্কলন তৈরি ও গণশুনানির মাধ্যমে পিআইসি কমিটি গঠন করার কথা থাকলেও এখনো সম্পন্ন হয়নি পিআইসি কমিটি গঠন। এছাড়া ৭৫ কিলোমিটারের মধ্যে ৭২ কিলোমিটার জরিপ কাজ শেষ হয়েছে।

পাউবো সূত্র আরও জানায়, গত বছর ২৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে জগন্নাথপুরে ১৫কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ করা হয়। এবার বন্যায় ফসলরক্ষা বাঁধের ক্ষতি হওয়ায় কমপক্ষে ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। পাউবোর নীতিমালা অনুয়ারি চলতি মাসের ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ করার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত পিআইসি কমিটিও গঠন কাজ শেষ হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলা আঞ্চলিক কার্যালয়ের সহকারি প্রকৌশলী হাসান গাজী জানান, এবার ৫০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুরে ৭৫ কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজ বাস্তরায়ন করা হবে। এরমধ্যেই মধ্যে ৪০টি পিআইসি কমিটি গঠন শেষ হয়েছে। জরিপকাজও শেষ। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমাপ্তি হবে।

জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম বলেন, আজ থেকে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। দ্রুতসময়ের মধ্যেই পুরোহাওরে কাজ চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পানি উন্নয়ন বোর্ডের মাঠ কর্মকর্তা হাসান গাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলামসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত